প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:০০ এএম
আলো আসবেই গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
এদিকে পুলিশ তার বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভ করেন জ্যোতি। এসময় তাকে কান্না করতেও দেখা যায়।
লাইভে এই অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
প্রসঙ্গত, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সোশ্যালে ছড়িয়ে পড়ে।
ওই কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতির নামও ছিল।