• ঢাকা সোমবার
    ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:২৭ পিএম

গোপালগঞ্জে আরও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে আরও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। রোববার দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংসতা ও নাশকতার পর সোমবার সকাল থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে জনজীবন স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সাঁজোয়া যান নিয়ে জেলাজুড়ে টহল শুরু করেন বিজিবি সদস্যরা। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় তাঁদের টহল দিতে দেখা যায়। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সোমবার ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। শহরের সড়কগুলোতে চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। খুলেছে শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটে কি না, তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে।

যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি সামাল দেওয়া এবং সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করছে বিজিবি।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ