প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১০:১৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি ও তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. বিটু।
পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ডা. বিটু। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকেরা। পরে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তার রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।