• ঢাকা রবিবার
    ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:০৫ এএম

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি

সিটি নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, মামলা দায়েরের পর পুলিশ ও এসআরইউর একটি দল অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম তার মুঠোফোন থেকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, তা জানা যায়নি। মামলার বিস্তারিত তথ্যও এখনো প্রকাশ করা হয়নি। মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।

এর আগে, গত মঙ্গলবার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তার ব্যক্তিগত ও দাফতরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। পাশাপাশি ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে তলব করেন রেঞ্জ ডিআইজি।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ