প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৫ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ। বাংলাদেশের রাকিব হোসেনের জোরালো শট এবং পাকিস্তানের আব্দুস সামাদের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে এসেছে। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় রয়েছে দুই দল।খেলা খবর
জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) ম্যাচ শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক হয়ে ওঠে পাকিস্তান।
প্রথম দুই মিনিটেই দুটি ভালো আক্রমণ করে তারা। শমিত সোমের ভুল পাস থেকে পাওয়া সুযোগে লক্ষ্যে শট নেয় পাকিস্তান। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে দুই হাতে বল ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পরের মিনিটেও আক্রমণে ওঠে পাকিস্তান।
শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহ লক্ষ্যে শট নিলেও তা ছিল বেশ দুর্বল। পাকিস্তানের গোলরক্ষককে তেমন পরীক্ষায় পড়তে হয়নি। এরপর দুই দলই মাঝমাঠে বলের দখল নেওয়ার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাংলাদেশের আক্রমণগুলো বারবার পাকিস্তানের বক্সের সামনে গিয়ে আটকে যাচ্ছিল। প্রতিপক্ষের শারীরিক সক্ষমতার সঙ্গে পেরে উঠতে কিছুটা সমস্যায় পড়েন বাংলাদেশের ফুটবলাররা।খেলা খবর
তবে ৩০ মিনিটের আগে দারুণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে জোরালো শট নেন রাকিব হোসেন। প্রথম প্রচেষ্টায় তা ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক। পরে বলটি পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাংলাদেশ।
৩০ মিনিটে কুলিং ব্রেকের পর আক্রমণের ধার বাড়ায় পাকিস্তান। তারিক কাজীর মার্কিংয়ের দুর্বলতার সুযোগে ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। তার নেয়া শটও পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলের সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি পাকিস্তান।
শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা মেলেনি। গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয়ার্ধে ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই গোলের সন্ধানে নামবে।