• ঢাকা শনিবার
    ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা, চেষ্টা চলছে দাম কমানোর

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৯ পিএম

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা, চেষ্টা চলছে দাম কমানোর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল বা পরিবর্তনের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিদ্যুতের দাম কমানোর চেষ্টা করছে সরকার। তবে দাম কমাতে গিয়ে বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।

আদানির সঙ্গে চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, চুক্তিতে সার্বভৌম গ্যারান্টি দেওয়া আছে।

এ ধরনের গ্যারান্টি বাতিল বা একতরফা সিদ্ধান্ত নিলে দেশের ঋণমান ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার ওপর প্রভাব পড়তে পারে। তাই আদানির সঙ্গে আলোচনা চলছে। যুদ্ধের কারণে তারা বিদ্যুতের দাম বাড়াতে চাইছে। আমরা চেষ্টা করছি, যাতে দাম কমানো যায়। 

দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে কয়লা পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আগের চুক্তির দামে জ্বালানি পাওয়া যাচ্ছে না।

গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ

বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নতুন দুটি রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এগুলো দিয়ে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হবে। কয়েকটি স্থানে অনুসন্ধানে ভালো ফল পাওয়া যাচ্ছে।

সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী মার্চে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।

ফুলবাড়ীর কয়লা উত্তোলনে সিদ্ধান্ত

ফুলবাড়ীর কয়লা উত্তোলনের বিষয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি কমিয়ে কয়লা উত্তোলনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কয়লা উত্তোলন ও সেখানে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলে বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং আমদানিনির্ভরতা কমবে।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করছে সরকার বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে এ বিদ্যুৎ কিনবে।

সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়লে জ্বালানি আমদানির ওপর চাপ কমার পাশাপাশি বাড়ির ছাদও আয়ের উৎস হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ