প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১০:৫৮ এএম
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম দেখতে মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং ও রেড ক্রিসেন্টের ত্রাণের গুদাম পরিদর্শন করেছেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন।
৪১ বছর বয়সী, এই ব্রিটিশ রেসিং তারকা, সরেজমিনে ঘুরে দেখেন, কীভাবে গাজার জন্য পাঠানো ত্রাণসামগ্রী সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংঘাত বন্ধ এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পক্ষে কথা বলে আসছেন হ্যামিল্টন। এবার গাজার মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রম দেখতে সরাসরি রাফাহ সীমান্ত এলাকায় গেলেন তিনি।
এদিকে, গাজায় ভারী বৃষ্টিপাতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আশ্রয় নেওয়া তাঁবুগুলোতে পানি ঢুকে ভিজে গেছে বিছানা, কম্বল ও কার্পেট। নষ্ট হয়েছে পরিবারের সঞ্চিত সামান্য খাবারটুকুও। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাজার হাজার তাঁবু। এতে নতুন করে অনিশ্চয়তা ও সংকটে পড়েছেন ঘরবাড়ি হারিয়ে আশ্রয়শিবিরে ঠাঁই নেওয়া লাখো মানুষ।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে, গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকতে শুরু করে।
আরও বৃষ্টিপাতে যেসব এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি রয়েছে, সেসব স্থানকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এলাকাগুলোতে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন। ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া এসব মানুষের জন্য বৃষ্টি এখন নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আশ্রয়ের ন্যূনতম ব্যবস্থাটুকুও প্রকৃতির প্রতিকূলতায় ভেঙে পড়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের।