• ঢাকা বুধবার
    ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সাভার-গাজীপুরে শ্রমিকদের ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১০:২৪ এএম

সাভার-গাজীপুরে শ্রমিকদের ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

ঢাকার সাভারের হেমায়েতপুরে ফের অবরোধ করা হয়েছে সড়ক। গাজীপুরেও দফায় দফায় পুলিশের সঙ্গে পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ চলছে।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে অনেক শ্রমিক জড়ো হয়। এসময় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। পরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এদিকে নারায়ণগঞ্জের অনেক কারখানায় কাজে ফিরেছন শ্রমিকরা। সকাল থেকে নারায়ণগঞ্জের কারখানাগুলোর সামনে শ্রমিকদের ভিড় দেখা যায়। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে গঠিত মজুরি বোর্ড নির্ধারিত সীমার মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টায় এই বৈঠক বসে।

আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান তিনি।

মজুরি বোর্ডের এই বার্তা আন্দোলনরত শ্রমিকদের কাছে পৌঁছে দিতেই গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেন তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ