প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১২:৫২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিতে চান আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডানা হোয়াইটকে।
শনিবার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডানা হোয়াইট।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গ্রেট ডানা হোয়াইটকে, যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি হিসেবে, কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু ফাইটার।’
এ সময় ডানা হোয়াইটকে কয়েকজন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটারকে সঙ্গে নিয়ে আসার অনুরোধও জানিয়েছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। তাদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন বলেও জানান তিনি।
ট্রাম্পের ভাষায়, ‘উন্মাদ বামপন্থিদের’ বিরুদ্ধে দেশকে রক্ষায় এসব মানুষকে প্রয়োজন। ডানা হোয়াইট অন্য সবার চেয়ে আলাদা একজন প্রেস সেক্রেটারি হবেন বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষ দিকে ডানা হোয়াইটকে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, ‘ডানা, দয়া করে চাকরিটি গ্রহণ করুন!’
৫৭ বছর বয়সী ডানা হোয়াইট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের বন্ধুদের একজন। দুই দশকেরও বেশি সময় আগে তাদের সম্পর্কের সূচনা। সে সময় ট্রাম্পের আটলান্টিক সিটির ক্যাসিনোগুলোতে ইউএফসির বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হতো। তখন প্রতিযোগিতামূলক লড়াইয়ের এ আয়োজনের জন্য ভেন্যু পাওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই সময় ট্রাম্পের ক্যাসিনোগুলো ইউএফসির অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দেয়।
এরপর থেকে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সমর্থক হয়ে ওঠেন ডানা হোয়াইট। ২০১৬-২০২০-২০২৪ সালে, রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পের পক্ষে বক্তব্য দেন তিনি। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় উদযাপনেও অংশ নেন ইউএফসি প্রধান।
অন্যদিকে, ট্রাম্পও দীর্ঘদিন ধরে ইউএফসির লড়াইয়ের ভক্ত। সংস্থাটির বিভিন্ন আয়োজনে নিয়মিত উপস্থিত থাকতে দেখা যায় তাকে। এসব অনুষ্ঠানে প্রায়ই ডানা হোয়াইটের পাশে বসেন তিনি।
এমনকি, গত জুনে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউস প্রাঙ্গণেই ইউএফসির একটি বিশেষ আয়োজনের ব্যবস্থা করেন ট্রাম্প। দুই পক্ষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি প্রকাশ হিসেবে দেখা হয় ওই আয়োজনকে।