প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ১১:৩১ এএম
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে এজন্য বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য দরকার, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেছেন, ’৭৫ সালের এদিন ছিল শত্রু-মিত্র চেনার দিন। চব্বিশের গণঅভ্যূত্থানে ছাত্র-জনতা যেভাবে দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে, তেমনি ’৭৫ ও সিপাহি-জনতা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করেছে। একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশে ছিল স্বাধীনতা রক্ষার। আর সাত নভেম্বরের নায়ক দেশপ্রেমিক সিপাহী-জনতা।
জিয়াউর রহমান যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেমেছিলেন বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারপ্রধান আরও বলেন, যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যে অপশক্তি দেশের সশস্ত্র বাহিনীর গৌরবকে ভূলন্ঠিত করতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে সিপাহী-জনতা। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। বরং মহাজোট করে পিলখানায় সেনা হত্যা করে। ফ্যাসিবাদ কায়েম করেছে।
এর আগে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আর্মি স্টেডিয়ামের বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।