প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৩:২৩ পিএম
বাংলাদেশের বোলারদের শাসন করে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন কেভাম হজ। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ৭২ রান করে সেঞ্চুরির পথে আরেক ব্যাটার কেভিন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজের অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে দুই ফিফটি পেয়েছেন তিনি।
এখনো পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৭৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, লিড ২৪৫ রানের।
চরম হতাশায় সিলেট টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন কাটাল বাংলাদেশ। কোনো উইকেটই শিকার করতে পারেনি টাইগাররা। এই সময়ে ২৮ ওভারে ১৩১ রান তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার কেভাম হজ ও কেভিন উইকহ্যাম।
চা বিরতির আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৫৯ রান করেছে উইন্ডিজ। ২২৯ রানের লিড দাঁড়িয়েছে তাতে। হজ ৯৩ ও উইকহ্যাম ৬৩ রানে অপরাজিত আছেন।
এই টেস্টে জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নতুন রেকর্ড। টেস্টে বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে চতুর্থ ইনিংসে ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশ আর কোনো ম্যাচ ২০০ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। তাই এই টেস্টে জিততে হলে রান তাড়ায় রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের অষ্টম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে দুই ফিফটি পেলেন কেভিন উইকহ্যাম।