প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:০৩ পিএম
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে রোববার (১৫ নভেম্বর) দলটির কয়েক শ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই ছিল দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
এদিকে গোপালগঞ্জে লাঠি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাওয়ার কয়েকটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। তবে সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি ও বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। এসময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
একপর্যায়ে তারা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামের একটি ব্যানার টাঙিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন। সেই সঙ্গে বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভকারীরা পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কে স্তূপ করেও আগুন ধরিয়ে দেন। সেই সঙ্গে তারা লঞ্চ টার্মিনাল, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠে আগুন দেন।
সূত্র: ইউএনবি