• ঢাকা রবিবার
    ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিডিআর বিদ্রোহের সাক্ষী হত্যা

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নথিতে অন্তর্ভুক্ত হলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১০:১৮ পিএম

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নথিতে অন্তর্ভুক্ত হলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের গুম ও রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে তথ্যপ্রমাণ হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল প্রতিবেদনটি আদালতে প্রদর্শন শেষে গুমের মামলার নথিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এ সময় আদালতে চিফ প্রসিকিউটর, প্রসিকিউশন দলের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিবেদনটি দেখেন গুমের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

এর আগে গত ১০ নভেম্বর পিলখানা হত্যা মামলার কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর গুম ও রহস্যজনক মৃত্যু নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তৎকালীন সময়ে বিডিআর সদস্যদের মাধ্যমেই এসব গুমের ঘটনার সূচনা হয়েছিল।

আদালতে প্রতিবেদনটি প্রদর্শনের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত ভয়াবহ। এতদিন এই গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ তাদের হাতে ছিল না। এখন তা পাওয়া গেছে। তাঁর দাবি, জিয়াউল আহসান ও তাঁর সহযোগীরা বিভিন্নভাবে ৩৪ জনকে অপহরণ করে হত্যা করেছেন।

প্রসিকিউশনের মতে, এই অনুসন্ধানী প্রতিবেদন গুমের মামলার তদন্তে নতুন গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করেছে। এতে আলোচিত গুম ও হত্যাকাণ্ডের পেছনে জিয়াউল আহসানের পাশাপাশি আরও প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়টিও সামনে এসেছে।

চিফ প্রসিকিউটর আরও দাবি করেন, জিয়াউল আহসানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল। সাক্ষীদের বক্তব্যেও এসব কর্মকাণ্ডের সঙ্গে উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

আমিনুল ইসলাম মনে করেন, পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও হত্যার ঘটনাগুলো নতুন করে তদন্ত করা জরুরি। তাঁর মতে, পুনরায় তদন্ত শুরু হলে এসব ঘটনার পেছনে থাকা আরও অনেক অজানা তথ্য ও রহস্য সামনে আসতে পারে।

আর্কাইভ