প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৯:০৮ পিএম
সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিক আরাব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত পাঁচতলা ভবনটিতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৭টার দিকে গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রথমে তারা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি বিভাগ, রিসিপশন ও সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিসকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে সেগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশে থাকা সাইনবোর্ডও পুড়ে যায়।
এ ঘটনায় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয় বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।