প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:০৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে এক বছরে দেশ বদলে যাবে ২৫ শতাংশ আর ৫ বছরে শতভাগ। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে।
রোববার (০১ ফেব্রুয়ারি) শেরপুর-জামালপুরের নির্বাচনী সমাবেশ শেষে বিকেলেই ঢাকায় প্রচারণায় নামেন জামায়াত আমির। নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫ জনসংযোগে এসব কথা বলেন তিনি।
মিরপুর ১৩ নাম্বার এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের কাছে যান তিনি। এসময় ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও কর্মজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ডা. শফিকুর রহমান। এরপর ভোট চান দাঁড়িপাল্লায় তিনি।
জনসংযোগ শেষে সংক্ষিপ্ত এক পথসভায় শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। মা-বোনেদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে কাজ করব আমরা।
এসময় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে একবছরে দেশ বদলে যাবে ২৫ শতাংশ আর ৫ বছরে শতভাগ।
জামায়াতের আমির বলেন, যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে, আমরা এ যুব সমাজকে শক্তিতে পরিণত করব।