• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ব্যবসায়ী নেতাদের জরুরি সভা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১২:৪১ পিএম

সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ব্যবসায়ী নেতাদের জরুরি সভা

নরসিংদী প্রতিনিধি

দফায় দফায় সুতার দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে দেশের বৃহত্তম বস্ত্রশিল্প সমৃদ্ধ শহর মাধবদীর ছোট-বড় প্রায় ৬ হাজার তাঁতশিল্প মালিক। সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তাঁতশিল্প রক্ষা করতে নরসিংদীর মাধবদীতে ব্যবসায়ী নেতাদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদীর তাঁতশিল্প রক্ষা করতে সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুতদারি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন নরসিংদীর শীর্ষ ব্যবসায়ী নেতারা।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. আলী হোসেন শিশির, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদী চেম্বারের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মনির ও আলহাজ মোমেন মোল্লা, মাধবদী বাজারের সুতা ব্যবসায়ী বিনয় দেবনাথসহ বাজারের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

এ সময় সরকারের কাছে একটি চিঠি প্রেরণ করেছেন নরসিংদীর শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

চিঠিটির অনুলিপি শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বস্ত্রমন্ত্রী ও সংসদ সদস্য নরসিংদী সদর-১, সংসদ সদস্য নারায়ণগঞ্জ-২, বিজ্ঞ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছেন নেতাকর্মীরা।

নূর/ডাকুয়া

আর্কাইভ