প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১০:৪৯ এএম
একদিনের বাগেরহাট-খুলনা সফরের অংশ হিসেবে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে সেখানে অবতরণ করেন তিনি।
এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ে নিজের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বাগেরহাটের মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তার উপস্থিতিতে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সফরের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।