• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

নাটোরে নৌকা মঞ্চে আ.লীগের সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৫:৪৪ পিএম

নাটোরে নৌকা মঞ্চে আ.লীগের সম্মেলন

নাটোর প্রতিনিধি

দীর্ঘ ৮ বছর পর বুধবার (১৭ নভেম্বর) নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সিংড়া উপজেলার কোর্ট মাঠ চত্বরে সম্মেলনের জন্য তৈরি করা হয়েছে বিশাল আকৃতির নৌকা মঞ্চ। এই মঞ্চেই পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মঞ্চ থেকেই পুরো অনুষ্ঠান পরিচালনা করা হবে। সম্মেলন উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে শাহিন ডেকোরেটরের স্বত্বাধিকারী মো. আব্দুস সালাম বলেন, ‘আমরা নৌকা মঞ্চটি নির্মাণ করছি। বিশাল নৌকা মঞ্চটিতে লাল ও সবুজ রঙ দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। এ কাজ প্রায় শেষের দিকে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান বলেন, ‘সিংড়ার ইতিহাসে স্মরণকালের সেরা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দর করতে আমাদের প্রস্তুতি সম্পন্ন।’

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের কাউন্সিল হতে চলেছে।’ স্বচ্ছ ও গণতন্ত্র প্রক্রিয়ায় কাউন্সিল করার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

২০১৩ সালে অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানকে সভাপতি ও আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলককে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।

নূর/এম. জামান

 

আর্কাইভ