• ঢাকা শনিবার
    ০৮ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

রংপুরে ফিরলেন নিখোঁজ বক্তা আদনান

প্রকাশিত: জুন ১৮, ২০২১, ১০:০৪ এএম

রংপুরে ফিরলেন নিখোঁজ বক্তা আদনান

রংপুর ব্যুরো

নিখোঁজ হওয়ার আট দিন পর রংপুরের শ্বশুরবাড়িতে ফিরেছেন আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, কীভাবে ফিরলেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।  বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য শ্বশুরবাড়ি থেকে তাকে রংপুর ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। 

শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ। তিনি জানান, রংপুর নগরের মাস্টার পাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। 

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আদনানকে তার শ্বশুর আজহারুল ইসলাম মন্ডলের বাড়িতে ঢুকতে দেখেন তারা। পরে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পুলিশ বিকেল ৩টার দিকে তাকে থানায় নিয়ে যায়।  

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের উপকমিশনার আবু মারুফ হোসেন সিটি নিউজকে বলেন, আদনানকে পাওয়া গেছে। তিনি উদ্ধার হয়েছেন। এই মুহূর্তে এইটুকু তথ্য আছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে, গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হন  এই ইসলামি বক্তা। এ ছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। তারা আদনানের সঙ্গে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে থাকতেন।

পরিবারের অভিযোগ ছিল, গাবতলী থেকে তারা নিখোঁজ হন। পরে আদনানের নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি।  এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের প্রকৃত নাম আফছানুল আদনান। বয়স ৩১। তার মা আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের প্রথম স্ত্রী আবিদা নুর, তাদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে-সন্তান রয়েছে।

বাবা মারা যাওয়ার পর রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নানার বাড়িতে বড় হন আদনান। বিয়ের পর স্ত্রী-সন্তানদের নিয়ে নগরীর নিউ শালবন এলাকায় বসবাস করেন।

কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদরাসার পরিচালক ও শিক্ষক।

টিআর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ