প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫৭ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় কাকন মণ্ডল (৩৫) নামের এক যুবদল কর্মীর হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন ও পা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত কাকন মণ্ডল বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে এবং ইউনিয়ন যুবদলের কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পা ভেঙে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া বলেন, ‘হঠাৎ করে কয়েকজন অপরিচিত ব্যক্তি এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আহত কাকন আমাদের সক্রিয় কর্মী। তাকে লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ হামলা করা হয়েছে বলে আমরা মনে করছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘আহত ব্যক্তির পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’