প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৫৭ এএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রধান দুই দলের প্রার্থী সকালেই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ভোট দেন। সকাল পৌনে আটটায় জামায়াত ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোটাধিকার প্রয়োগ করে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, এই নির্বাচন উন্নয়নের নির্বাচনের। উন্নয়নের স্বার্থে সবাই ভোটকেন্দ্রে আসুন।
আসনটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও রয়েছে।
মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি-এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ভোটের আগে, ভোটের দিন ও পরে বিজিবি সদস্যরা মাঠে টহল দেবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।