প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৭:৪৬ পিএম
ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের হাজী বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির মালিক মো. খাইরুল ইসলাম মোল্লা (৫৪), পিতা-মৃত হাজী সেকেন্দার আলী। রাত ২ টার দিকে ঘরের দরজায় শব্দ শুনে তিনি ও তার স্ত্রী দরজার কাছে গেলে ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের দরজার ভেঙে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা খাইরুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মাহিকে হাত-পা বেঁধে ফেলে। একই সঙ্গে খাইরুল ইসলাম ও তার স্ত্রীকেও হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার এবং নতুন কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর তন্ময় মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”