• ঢাকা বুধবার
    ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জামায়াতের সদস্যের

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:২২ পিএম

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জামায়াতের সদস্যের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। একই সঙ্গে তিনি ফ্ল্যাটগুলোর দরজা–জানালায় পর্দা লাগানোরও দাবি জানিয়েছেন।

আজ বুধবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান এ দাবি জানান।

নিজের বক্তব্যের শেষ পর্যায়ে এসে মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছেন। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোয়, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার দরজা–জানালার পর্দাটি এখন পর্যন্ত ঝোলানো হয়নি।’

স্পিকারকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, ‘আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন ও ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

এ ছাড়া মিজানুর রহমান বলেন, বাজেটটি শুধু বড় নয়, বাজেটে ঘাটতির অঙ্কটিও নিঃসন্দেহে অনেক বড়। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে। সরকার যদি বিদেশি, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ নিতে পারে, এটা কিছুটা ভালো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই কমে গেছে। দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হলে, এমনিতেই ব্যাংকগুলোয় ঋণখেলাপি বৃদ্ধি পেয়েছে, ব্যাংক খাত দেউলিয়া হয়ে যেতে পারে।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ