• ঢাকা শুক্রবার
    ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সরকারের বদনাম হয় এমন সুবিধা দলীয় নেতাকর্মীরা পাবে না: আইনমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩৪ পিএম

সরকারের বদনাম হয় এমন সুবিধা দলীয় নেতাকর্মীরা পাবে না: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

সরকারের বদনাম হবে এমন সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না। সরকারি দফতর ও সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেটকে পশ্রয় দেবেন না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তি লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজের কারণে সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না। সম্প্রতি বরিশালে জোর করে দলীয় পরিচয়ে একজন চেক সাইন করতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা রাত পার হতে দেইনি। সেই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধী সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী।

তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর সেই খালি জায়গায় আপনি নিজেই বসে যাবেন, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। এ রকম ভুল ধারণা আপনারা করবেন না।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এই হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। আমরা চেষ্টা করে যাচ্ছি এই হাসপাতালের যেন শয্যা সংখ্যা বাড়ানো হয়। এ ছাড়া হাসপাতালে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি। এই জনপদের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
 

আর্কাইভ