• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, প্রথম ব্যবস্থাপনা সভায় এমপি নায়াব ইউসুফ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৯:৩০ পিএম

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ, প্রথম ব্যবস্থাপনা সভায় এমপি নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চিকিৎসাসেবার মান বাড়িয়ে একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় জেনারেল হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ জোরদার করা এবং জরুরি বিভাগের সেবার মান বৃদ্ধিসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দিয়ে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম. আনিছুর রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. এহিয়াতুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এতে অংশ নেন।

ব্যবস্থাপনা কমিটির সভা শেষে একই দিন দুপুরে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এবং ফরিদপুর হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালগুলোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে সেবার মানোন্নয়নে মতবিনিময় করেন। এ সময় রোগীদের প্রতি মানবিক আচরণ এবং স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

আর্কাইভ