প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ১০:৩৪ এএম
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সকাল সাড়ে ৮টায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
এর আগে বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, বালুবোঝাই একটি ট্রাকের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানান তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের কিছুটা বেগ পেতে হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়।