• ঢাকা মঙ্গলবার
    ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১০:৩৪ পিএম

১৫–২০ মিনিটেই লাগেজ পাচ্ছেন যাত্রীরা, সেবায় সন্তুষ্ট বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন যাত্রীরা। বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

যাত্রীসেবার বর্তমান মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এ সেবা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার রাত ৮টায় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবার উন্নতি হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন। সেবার মান নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান। তবে এ মান ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তা বাস্তবায়িত হয়েছে।

যাত্রীরা লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সৌদি রুটে বিকল্প ফ্লাইটের চেষ্টা

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।

যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ করা হচ্ছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসীরা সমস্যায় পড়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যাত্রীসেবার মান বাড়ানো এবং লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ