প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ১১:০১ পিএম
ফরিদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোগ করে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত রাকিব বেপারী ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের লুৎফর ব্যাপারীর ছেলে।
নিহত স্ত্রী হ্যাপি বেগম একই গ্রামের হুমায়ুন শেখ এর মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হ্যাপি বেগমকে নির্যাতন করছিল রাকিব।
যৌতুকের ৫ লাখ টাকা না দেয়ায় ২০১৫ সালের ৫ আগস্ট রাতে হ্যাপি বেগমকে পিটিয়ে ও শ্বাসরোগ করে হত্যার পর রাকিব ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
পরদিন ৬ আগস্ট হ্যাপি বেগম এর পিতা হুমায়ুন শেখ বাদী হয়ে রাকিবসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহন শেষে আসামী রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
একই সাথে হ্যাপি বেগম এর গর্ভের সন্তান এর মৃত্যু ঘটানোর জন্য স্বামী রাকিবকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালতের বিচারক।