প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:০০ এএম
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রস্তুত নন। শনিবার (১৪ মার্চ) এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বর্তমানে তা করতে ইচ্ছুক নন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বর্তমান শর্তগুলো এখনও যথেষ্ট সন্তোষজনক নয়। সম্ভাব্য চুক্তির শর্তগুলো ঠিক কী হবে তা বিস্তারিত না জানালেও ট্রাম্প স্পষ্ট করে বলেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি পরিত্যাগ করার অঙ্গীকার করতে হবে।
হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষার বিষয়ে ট্রাম্প জানান, বেশ কয়েকটি দেশ এই লজিস্টিক কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কৌশলগত কারণে তিনি সেই দেশগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি।
ইরানের তেলের বাজারের ওপর আঘাত হানার বিষয়ে ট্রাম্প দাবি করেন, দেশটির জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘খারগ দ্বীপ’ যুক্তরাষ্ট্র এরই মধ্যে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। আক্রমণাত্মক সুরে তিনি আরও যোগ করেন, নিছক আনন্দের ছলে আমরা সেখানে আরও কয়েকবার হামলা চালাতে পারি।
এদিকে তেলের ক্রমবর্ধমান বাজারমূল্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও ট্রাম্প সেটিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তেলের বাজার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্বে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে সরবরাহ ব্যবস্থার কোথাও কোথাও কিছুটা বিঘ্ন ঘটছে যা খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: বিবিসি।