প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:৫৬ পিএম
ইসরায়েল দাবি করেছে, তারা আইআরজিসি-এর বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে সোমবার (১৬ মার্চ) রাতের এক হামলায় হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ড ইরানের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ কাঠামোর ওপর একটি ‘গুরুত্বপূর্ণ আঘাত’। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে, ইরানি সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ভবিষ্যতেও শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইরান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, একযোগে পরিচালিত বিমান হামলায় রাজধানী তেহরান, শিরাজ এবং তাবরিজ-এ নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে। এই অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয় বলে দাবি করা হয়।
তাদের ভাষ্য অনুযায়ী, তেহরানে গোয়েন্দা মন্ত্রণালয় ও বাসিজ মিলিশিয়ার কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও আঘাত করা হয়েছে।
শিরাজে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর ও একটি ক্ষেপণাস্ত্র গুদাম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে তাবরিজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।