প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:০৮ পিএম
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে তৈরি মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে এক বক্তব্যে লাভরভ এসব কথা বলেন।
ল্যাভরভ বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল। এর মধ্যে আরব রাজতন্ত্রগুলো এবং ইরানকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল।
তিনি বলেন, এসব দেশের পারস্পরিক সম্পর্ক জটিল হলেও রাশিয়া তাদের মধ্যে বৈঠক ও আলোচনা আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে কথা বলা এবং আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপে সহায়তা করার লক্ষ্য নিয়েছিল।
ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গও তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চীনের মধ্যস্থতা এবং রাশিয়ার সক্রিয় উৎসাহে কয়েক বছর আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
ল্যাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং আমাদের সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যে মক্কা প্রতিরক্ষা চুক্তি উপস্থাপন করেছে, সেটিকে তিনি সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষা জোটের একটি কাঠামো হিসেবে উল্লেখ করেন।
ল্যাভরভের মতে, ভবিষ্যতে এই কাঠামোয় উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোকেও যুক্ত করা যেতে পারে। এ ক্ষেত্রে মিসর ও আলজেরিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জোটে ইরান কী শর্তে অংশ নিতে পারে, তা নিয়ে যদি একটি সমঝোতা হয়, তাহলে সেটিই রাশিয়ার বহু বছর আগে প্রস্তাব করা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ হবে।
তবে এমন কোনো আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ।