প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:২৮ এএম
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক শুক্রবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি এমন একটি যুদ্ধের ‘ভিত্তি তৈরি করছেন’, যা ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচন পিছিয়ে দিতে পারে।
বারাক চ্যানেল টুয়েলভ-কে বলেন, ‘নেতানিয়াহু এমনভাবে যুদ্ধের অবকাঠামো প্রস্তুত করছেন, যাতে নির্বাচন পিছিয়ে দেয়া যায়।’
নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বারাক বলেন, তিনি যেভাবে শ্বাস নেন, যেভাবে খান, যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই খান এবং যেভাবে একটি রেস্তোরাঁয় বিল না দিয়ে বেরিয়ে যান—সেভাবেই মিথ্যা বলেন।
বারাক বলেন, ২৭ অক্টোবর তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে আমাদের সবকিছু করতে হবে—চূড়ান্তভাবে।
নির্বাচনী প্রচারে নিরাপত্তা ইস্যু ব্যবহারের বিষয়ে দেশের অভ্যন্তরীণ বিতর্ক যখন আরও তীব্র হচ্ছে, তখন বারাক এসব মন্তব্য করলেন।
নেতানিয়াহু চলতি সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেন, নির্বাচনের আগে ইসরায়েল হামলার মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি বিভিন্ন ফ্রন্টের পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শও করেছেন।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার পেছনে যারাই দায়ী বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুমকি দেন তিনি।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি অন্য কোনো পক্ষের নির্দেশে কাজ করেছিলেন কি না, তা নির্ধারণে তদন্ত চলছে। তিনি আরও বলেন, যে তাকে পাঠিয়েছে, তাকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে।
ফ্লাইদুবাইয়ের ঘটনাটি এখন নির্বাচনী প্রচারের একটি ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহুর বিরোধীরা অভিযোগ করছেন, তিনি নির্বাচনী প্রচারে নিজের অবস্থান শক্তিশালী করতে নিরাপত্তা ইস্যুগুলোকে কাজে লাগাচ্ছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর এটিই হবে ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে নেতানিয়াহুকে গদিচ্যুত করতে প্রচেষ্টা জোরদার করেছে বিরোধী দলগুলো।