• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাপান থেকে এল আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ১১:১৩ এএম

জাপান থেকে এল আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভ্যাক্সের মাধ্যমে চতুর্থ চালানে জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে দেশে। শনিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে টিকা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট।

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছন। 

তিনি বলেন, চতুর্থ চালানে জাপান সরকারের উপহারের সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। ৩টা ২৫ মি‌নি‌টে টিকা বহনকারী ফ্লাইট‌টি ঢাকায় এসে পৌঁছায়। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট।

উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা এবং ৩১ জুলাই দ্বিতীয় চালানে আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে আসে। সর্ব‌শেষ গত ২ আগস্ট আসে উপহারের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেয়ার কথা রয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।

জেডআই/নির্জন

আর্কাইভ