• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫৭

প্রকাশিত: মে ২০, ২০২১, ১১:৪৪ এএম

আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৪ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়-  গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন সাত লাখ ২৭ হাজার ৫১০ জন।

নতুন ৩৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৮৮৪ জন ও নারী ৩ হাজার ৪০০ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস ধরে টানা মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর বছর শেষে কয়েক মাস ক্রমান্বয়ে কমতে থাকে।

চলতি বছরের শুরুতে করোনায় মৃত্যু ও শনাক্ত অনেকটা কমে আসে। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বিশেষজ্ঞরা এটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলছেন।

নূর/এম. জামান

আর্কাইভ