• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বহিষ্কৃত সেই মেয়র শাহানশাহ কারাগারে

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৬:১৫ পিএম

বহিষ্কৃত সেই মেয়র শাহানশাহ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আসামি শাহনেওয়াজকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম।

আসামির পক্ষে আইনজীবী জামিন আবেদন করে এবং রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়েন’ থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় হোটেল কক্ষে তার কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন এবং সাড়ে তিন লাখ টাকা পায় র‌্যাব। পরে র‌্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে সরকারি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। তুচ্ছ ঘটনায় তাকে অনুষ্ঠানস্থলে গালাগাল এবং থাপ্পড় মারেন শাহনেওয়াজ। ওই ঘটনার পর গত ১৯ ডিসেম্বর তাকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং পরদিন মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান।

এএমকে/ডা

আর্কাইভ