• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৫:৩৪ পিএম

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন। একই সময়ে ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন। চট্টগ্রামে ৩, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এর আগে, রোববার (১৩ ফেব্রুয়ারি) জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৪ হাজার ৮৩৮ জন; শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর

আর্কাইভ