• ঢাকা মঙ্গলবার
    ১৬ জুন, ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ১১:৫০ এএম

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শনিবার (১ অক্টোবর)মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে এই উৎসব। আগের বছরগুলোতে করোনা মহামারির কারণে পূজার আনন্দে ছিল অনেকটাই ফিকে। তবে সেই বিবর্ণ সময় পেরিয়ে দুর্গোৎসব জমজমাট হবে বলে আশা হিন্দু ধর্মাবলম্বীদের। তাইতো উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক-ঢোলের বাদ্যে মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে আসছেন গজে (হাতিতে) চেপে। গজ বা হাতিতে চড়ে দেবীর আগমনের অর্থ হল শুভ। মনে করা হয়ে থাকে দেবী যদি গজে চড়ে মর্ত্যে আসেন তাহলে তিনি সঙ্গে করে সুখ-সমৃদ্ধি নিয়ে আসেন। হাতি হচ্ছে জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক। আর ৫ অক্টোবর বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন নৌকায় চড়ে। নৌকায় মনোকামনা পূর্ণ হওয়া বোঝানো হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়।

পঞ্জিকা অনুযায়ী, শনিবার মহাষষ্ঠীর সকাল, দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠিবিহিত পূজা, সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। রোববার মহাসপ্তমী পূজা, সোমবার মহাষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার দশমীবিহিত পূজার মধ্য দিয়ে সমাপন ও প্রতিমা বিসর্জন হবে।

গত বছরের চেয়ে এবার দেশে বেড়েছে মণ্ডপের সংখ্যা। জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবীবন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা। পূজা উদযাপন পরিষদের হিসাব মতে, দেশে এবার প্রায় ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এই সংখ্যা গতবারের চেয়ে ৫০টি বেশি। ঢাকা মহানগরে এবার পূজা হবে ২৪১টি মণ্ডপে যা গতবারের চেয়ে ৬টি বেশি। গতবার সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার বলেন, ‘আমরা এবার আশাবাদী। সরকার আন্তরিক, প্রশাসনও আন্তরিক। আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতি আছে।’

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীতে বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গা পূজা। করোনা মহামারীর পরে পূজা নিয়ে এবার আমাদের খুব উদ্দীপনা রয়েছে। পূজায় মেলা কমবেশি থাকবে। এর সাথে এবার আরতি প্রতিযোগিতাও থাকবে।’

এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ