• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মৌখিক পরীক্ষায় নিয়োগ পাবেন ৪০৯ চিকিৎসক

প্রকাশিত: জুলাই ৩, ২০২১, ০৩:৫৭ পিএম

মৌখিক পরীক্ষায় নিয়োগ পাবেন ৪০৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার ৪৪ তম বিশেষ বিসিএসে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দিচ্ছে। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে তাদের।

এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করেছে। গত ২৮ জুন গেজেট আকারে সংশোধিত এ বিধিমালা  প্রকাশ করা হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে এ সংশোধন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এককালীন নিয়োগের জন্য আনা হয়েছে এ সংশোধন। নিয়োগের পর বিলুপ্ত হয়ে যাবে তা। গেজেটে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে।

বিধিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ দেবে সরকার।

জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়স হতে হবে ৫০-এর কম। থাকতে হবে এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা। নিয়োগ পেতে বিএমডিসির নিবন্ধন থাকতে হবে তাদের।

এ ছাড়াও থাকতে হবে সহকারী সার্জন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃত অন্যান্য সমমানের শিক্ষাগত যোগ্যতা।

ইফাত/এম. জামান

আর্কাইভ