• ঢাকা মঙ্গলবার
    ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, আহত ৩২

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৪:৩৮ পিএম

যমুনার সামনে পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, আহত ৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে অবস্থান নেয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়ে এ পর্যন্ত ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি ও নৌবাহী সদস্যদের। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

আহতরা হলেন, আব্দুল হান্নান (৪৫), জয় দাস (৩৫), আব্দুল আউয়াল (৪০), তন্ময় (৩২), জাকারিয়া (৬০), সিকান্দার (৪০), ওসমান গনি চল্লিশ (৪০), আব্দুল্লাহ (৩১), অভিজিৎ (৩৫), আজিম উদ্দিন (৫০), সাইম (২৮), রিপন (৩২), মনসুর শামীম (৪৮), ইয়াসমিন (৪০), আব্দুল কুদ্দুস (৬০), জুয়েল (৩৪) ও আমিরুল ইসলাম (৩৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যমুনার সমানে থেকে প্রায় ৩২ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে, সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা। এ সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের স্লোগন দেন।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ