প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৪৯ এএম
বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তাকে অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মোহাম্মদ মুইজ্জু। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
পরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টেও এই তথ্য জানানো হয় এবং একাধিক ছবি প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ‘(বাংলাদেশের) নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ ঢাকায় পৌঁছেছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।’
মুইজ্জু ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাসহ অনেকে।
প্রসঙ্গত, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানান। অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।