• ঢাকা বুধবার
    ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‍‍`সাজানো নাটক‍‍`: এহসানুল মাহবুব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৩৭ পিএম

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‍‍`সাজানো নাটক‍‍`: এহসানুল মাহবুব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাজানো নাটক এবং এটা উদ্দেশ্যপ্রণোদিত। একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, এই নাটক মঞ্চস্থ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, কোন তদন্তের আগেই বিষয়টি ছড়িয়ে দেয়া হয়েছে। এই অর্থের ডকুমেন্ট থাকা সত্বেও এটা করা সুস্থ রাজনৈতিক চর্চা নয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এটা একটা সাজানো নাটক। তিনি (আমির বেলাল) তার ব্যবসার কাজে আসা যাওয়া করেন এরইমধ্যে স্পষ্ট করেছেন। ব্যাংক বন্ধ এজন্য লেনদেন করতে হয় সেটাও তিনি বলেছেন। এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, একটা মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবার বা অন্য প্রয়োজনে এটা তিনি বহন করতে পারেন। এয়ারপোর্টের মতো একটি রেসট্রিকটেড এরিয়াতে যেখানে লিমিটেড মানুষের চলাফেরা সেখানেও একটি নাটক সাজানো হয়েছে যে তিনি টাকা নিয়ে যাচ্ছেন, এটাকে একটা অর্থ করার জন্য বিভিন্ন নিউজ করানো হচ্ছে। তিনি একজন বয়স্ক লোক ও দায়িত্বশীল নেতা। এরইমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মেন্টাল টর্চারের জন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দৃড়ভাবে বলতে চাই জামায়াতে ইসলামী তাদের নীতিনির্ধারণী কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনার চেষ্টা করে।

তিনি বলেন, জেলা আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদিকে নেয়ার চেষ্টা চলছে। এ অর্থ নির্বাচনসংশ্লিষ্ট নয়, এটি তার ব্যক্তিগত ব্যবসার টাকা।

তিনি আরও বলেন, দেশের নানা জায়গায় প্রার্থী, এজেন্ট ও নেতৃবৃন্দের ওপর হামলা করা হচ্ছে। জনমনে আতংক সৃষ্টির জন্য নানাভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের কিছু লোক একটি দলকে অন্যায়ভাবে সুবিধা দিতে একদিকে হেলে পড়েছে। যদি নিরপেক্ষ অবস্থা থেকে প্রশাসন সরে যায় তাহলে জনগণ কাউকে ছাড় দেবে না।

এর আগে, দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নগদ টাকাসহ আটক করে পুলিশ।

আটকের পর বেলাল জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি। 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ