• ঢাকা বুধবার
    ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

নাহিদের প্রশংসায় কিউই কোচ, সিমন্সের দৃষ্টিতে ট্রাম্প কার্ড

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:০৪ পিএম

নাহিদের প্রশংসায় কিউই কোচ, সিমন্সের দৃষ্টিতে ট্রাম্প কার্ড

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দ্রুতগতির পেসার নাহিদ রানা এখন বিশ্ব ক্রিকেটে আলোচিত নাম। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পিএসএলে বল হাতে গতির ঝড় তুলে নিজের জাত চেনাচ্ছেন। তার আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটাররা দিশেহারা হয়ে পড়া এখন নিয়মিত ঘটনা। গতির পাশাপাশি সঠিক লাইনে বল করে চাপের মুখে উইকেট নেয়ার অসাধারণ দক্ষতা দেখিয়ে লাইমলাইটে চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আবারো আলোচনায় নাহিদ। পিএসএল খেলে দেশে ফেরা গতিতারকায় প্রশংসায় মাতলেন কিউই কোচ রব ওয়াল্টার। টাইগারদের হেড কোচ ফিল সিমন্স সরাসরি ডানহাতি ফাস্ট বোলারকে দলের ট্রাম্প কার্ড বলেই দিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে সংবাদ সম্মেলনে নাহিদ রানা প্রসঙ্গে ওয়াল্টার বলেন, ‘সে দারুণ একজন ফাস্ট বোলার। এখানকার কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন একজন ফাস্ট বোলারকে দেখতে পাওয়াটা বেশ ভালো ব্যাপার।’

নাহিদের ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার সক্ষমতা ও সেটি সামলানোর বিষয়ে তার মন্তব্য, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। তবে ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি, আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা ঠিকঠাক করতে হবে। কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজেদের স্কিল কাজে লাগিয়েই তাকে সামলাতে হবে।’

ফিল সিমন্স তার শিষ্যের বন্দনার পাশাপাশি তরুণ ক্রিকেটারকে সাবধানে ব্যবহারের বিষয়টি সামনে আনেন। টাইগার স্পিডস্টারের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে দেন গুরুত্ব।

‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে ফিট পাওয়া যায়, এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে সে নিজেকে বাংলাদেশের জন্য উজাড় করে দিতে পারে।’

আর্কাইভ