প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৩:৩১ পিএম
সিলেট টেস্টের চতুর্থ দিনে জয়ের আশা টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে মধ্যাহ্নভোজের পরের সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে আবারও দারুণভাবে ফিরে এসেছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে বাবর আজমের পর অধিনায়ক শান মাসুদও আউট হওয়ায় চাপে পড়েছে সফরকারীরা। জয়ের জন্য পাকিস্তানের এখনো প্রয়োজন ২৩৭ রান।
এক সেশন হাতে আছে। এত অল্প সময়ে ম্যাচ জেতা প্রায় অসম্ভব।
ফলে পাকিস্তান লড়ছে হার এড়াতে। আর বাংলাদেশ আছে জয়ের দ্বারপ্রান্তে।
আর মাত্র ৫ উইকেট তুলে নিলেই আসবে কাঙ্ক্ষিত জয়।
দ্বিতীয় সেশনের শুরুতে বাবর আজম ও শান মাসুদ মিলে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৯২ রান। এতে একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল।
৩৫তম ওভারে এসে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি পূর্ণ করেন মাসুদ। তবে একই ওভারের শেষ বলে বিদায় নেন বাবর। লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি। ৫২ বলে ৪৭ রান করা বাবরের ইনিংসে ছিল কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি। তাঁর বিদায়ে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ।
বাবরের পর ক্রিজে নামেন সৌদ শাকিল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নাহিদ রানার করা ৪৪তম ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে লিটনের গ্লাভসে ধরা পড়েন শাকিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেও বাঁচতে পারেননি তিনি। ২১ বলে করেন মাত্র ৬ রান।
এরপর ৪৫তম ওভারে আরও বড় সাফল্য পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের শান মাসুদকে করা ডেলিভারি দারুণ ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। ৭১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ফেরেন পাকিস্তান অধিনায়ক। বর্তমানে ক্রিজে আছেন সালমান আগা (২৫) ও মোহাম্মদ রিজওয়ান (১৫)।