• ঢাকা মঙ্গলবার
    ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল বললেন

‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না’

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০২:৫২ পিএম

‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না’

ঠাকুরগাঁও প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের। সুতরাং শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। এটি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় যে, এখানে মুখ দেখে কাউকে নিয়োগ দেওয়া যাবে।

শুক্রবার (২৯ মে) বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় ঈদগাহ মিনারের পাশে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সার্টিফিকেট সর্বস্ব হবে না। এখানে শুধু প্রথাগত সার্টিফিকেট বিতরণ করা হবে না। বিশ্ববিদ্যালয়ে এমন সব আধুনিক ও বাস্তবমুখী বিষয় খোলা হবে, যা পড়ে শিক্ষার্থীরা বাস্তব জীবনে কর্মসংস্থানের সুযোগ পাবে। এই বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্রই হবে না, বরং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রও হবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতারমারি ইক্ষু খামারে ১০০ একর জমির একটি প্রস্তাব নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। তবে কৃষিজমি ও অন্যান্য বিষয় বিবেচনায় তিনি বলেন, যতটুকু জমি না হলে নয়, ঠিক ততটুকু জমি নিয়েই ভার্টিক্যাল (উল্লম্ব) পদ্ধতিতে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, প্রফেসর মনতোষ কুমার দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ