প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:০৪ পিএম
বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাককর্মীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টার পর তেজগাঁও লিংক রোড-এর মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি এলাকায় নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এতে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী-তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে রাস্তা ছাড়ে বিক্ষোভকারীরা।
অবরোধের সময় ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। তখন তারা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচল করা যাবে।
মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।
এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।