প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:৪৬ এএম
ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি এবং যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে প্রায় ২২ কিলোমিটার এলাকায় থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত যানজট শুরু হয়, যা মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
রাত থেকেই গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, রাবনা বাইপাস ও যমুনা সেতু পূর্বপাড় এলাকায় থেমে থেমে যানজট দেখা দেয়। দূরপাল্লার বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনেও যাত্রীরা গন্তব্যে রওনা হচ্ছেন।
পুলিশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যমুনা সেতু এলাকায় বিশেষ নজরদারি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ তুলনামূলক বেশি ছিল।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতের বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপেই মূলত যানজট তৈরি হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।