• ঢাকা মঙ্গলবার
    ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

টানা বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি, বাড়ছে গরম

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৩৪ এএম

টানা বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি, বাড়ছে গরম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা বৃষ্টির পর প্রায় ছয় দিন পর রাজধানীবাসী সূর্যের দেখা পেয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই ঢাকার আকাশে রোদের ঝলক দেখা গেছে। দেশের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি কমে রোদের দেখা মিলেছে। তবে বৃষ্টি থামতেই বেড়েছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে রাজধানীতে দুপুরের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি মাসের ৫ তারিখ থেকে দেশে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম বিভাগে শুরু হওয়া এই বৃষ্টির পেছনে ছিল একটি নিম্নচাপ। পরে এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ হয়। প্রবল বৃষ্টিতে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাজধানীতে গত রোববার চলতি মৌসুমের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সোমবারও দিনভর বৃষ্টি হয়েছে। তবে বিকেলে কিছুটা আকাশ পরিষ্কার হলেও সন্ধ্যার পর আবার হালকা বৃষ্টি নামে।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৮টার দিকে বেড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও তাপমাত্রা বাড়তে পারে। তবে আকাশে মেঘ থাকায় দুপুরের দিকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও তা ভারী হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বাড়ছে। তবে জলীয় বাষ্প ঘনীভূত হলে আবার বৃষ্টির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে আরও কয়েক দফা লঘুচাপ তৈরি হতে পারে। আগামী বৃহস্পতিবার এবং ২৪ জুলাইয়ের দিকে লঘুচাপের সম্ভাবনা থাকলেও, এর প্রভাবে সাম্প্রতিক সাত দিনের মতো অতিবৃষ্টির আশঙ্কা নেই।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ