• ঢাকা শনিবার
    ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আই অ্যাম সিক, সো ইট ইজ ডান

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৫:১১ পিএম

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।”

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বলে দিছি, বুঝে নেন।”

রাষ্ট্রপতির পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছিল, ঠিক সেই সময় বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। দেশে ফিরেই তিনি শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগ-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এবং পরবর্তী করণীয় বিষয়ে বক্তব্য আসতে পারে।

চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুরু হওয়ার পর সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দুপুরেই দেশে ফিরে আসেন তিনি।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। একই সঙ্গে পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

বঙ্গভবনের একটি সূত্র জানায়, কয়েক দিন আগেই রাষ্ট্রপতি তার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, “ওরা আমাকে চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।” তবে তিনি “ওরা” বলতে কাদের বুঝিয়েছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

পদত্যাগের খবর প্রকাশের পর রাজনৈতিক মহল, প্রশাসন এবং সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় তফসিল ঘোষণা করবে এবং জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

মো.  সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তিনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি, যিনি ভিন্ন সময়ে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগের মাধ্যমে তার দায়িত্বের সমাপ্তি ঘটল।

রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে এখন সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

মো. সাহাবুদ্দিন একমাত্র রাষ্ট্রপতি, যিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন। 


 

আর্কাইভ