• ঢাকা মঙ্গলবার
    ০৬ অক্টোবর, ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী বললেন

অটোরিকশা নিয়ে নীতিমালা প্রণয়ন হচ্ছে, অল্প সময়েই আসতে পারে সিদ্ধান্ত

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০২:০১ পিএম

অটোরিকশা নিয়ে নীতিমালা প্রণয়ন হচ্ছে, অল্প সময়েই আসতে পারে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকা অটোরিকশার কারণে স্বাভাবিক গতি হারিয়েছে। তাই অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।

ধানমন্ডি লেকের উন্নয়নকাজ প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, লেকের খননসহ বিভিন্ন উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

তিনি বলেন, ধানমন্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, সংস্কার শেষে লেকে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী দুইটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। লেকে ময়লা না ফেলতে এবং নিজ শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আর্কাইভ