প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৫:৫৪ পিএম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, শেখ হাসিনা আপিল করতে পারবেন না এটা আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে শেখ হাসিনার আপিল দায়ের প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
আইন সবার জন্যই সমান উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী পরিণতি হয়, তা অতীতে আবুল কালাম আজাদের মামলার ক্ষেত্রে আদালত দেখিয়েছেন। আইনে নির্ধারিত সময়ের পর আপিল দায়েরের কোনো সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইতিপূর্বে যারা এ বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে। আমার মনে হয় যে এটা আইন এবং আন্তর্জাতিক বিষয় এবং সরকারের পক্ষ থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে-এটা নিয়ে কোন ধুম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।’
বিষয়টিকে আইন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ উল্লেখ করে তিনি জানান, সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো তঞ্চকতা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিরা আইনগতভাবে, পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সঠিক কথাই বলেছেন।
বিলম্বিত আপিল প্রসঙ্গে অতীত নজির টেনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আইন তো সবার জন্য একই। আইসিটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলের ওপরে তারা আইসিটি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে `ডিলে কনডোনেশন` বা বিলম্ব মওকুফের বিষয়টি দেখেছেন।’
তিনি আরও বলেন, আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার ফলাফল বা কনসিকোয়েন্স কী হতে পারে, তার বড় উদাহরণ জনাব আবুল কালাম আজাদের মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও আদালত সেই যুক্তি আমলে নেননি।
শেখ হাসিনা যদি এই মুহূর্তে দেশে ফিরতে চান তাহলে কোন পথে ফিরতে হবে? আইনগত প্রক্রিয়াটা কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি কীভাবে ফিরবেন সে ব্যাখ্যা আমি দেব না। আমি আইনের কথাটুকু বলতে পারি। তিনি একজন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। তিনি যদি মনে করেন আইনের সামনে নিজেকে সোপর্দ করবেন, তবে আসতে পারেন। কিন্তু তাকে তো আইন মানতেই হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।’
এর আগে শেখ হাসিনার আপিল দায়ের প্রসঙ্গে গতকাল চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, যারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেন যে মৃত্যুদণ্ড হলেই কার্যকর করা যাবে না, সেটির ওপর শুনানি লাগবে, এটা-সেটা; ট্রাইব্যুনাল আইনটা হচ্ছে বিশেষ আইন। বিশেষ আইনের বেলায় ‘দ্য লিমিটেশন অ্যাক্ট’ প্রযোজ্য নয়। তা যদি না হয়, ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, ৩০ দিন পরে আর আপিল হবে না। মানে শেখ হাসিনার আপিলই অ্যাডমিট (গ্রহণ) হবে না। অতএব, ট্রাইব্যুনাল আইন বিশ্লেষণ করে বলতে চান, বর্তমানে শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন। তাই এ ক্ষেত্রে সাধারণ আইনের বিধান দিয়ে বিষয়টি বিবেচনার সুযোগ নেই। লিমিটেশন অ্যাক্টের ২৯ ধারার ২ উপধারাতেও বিশেষ আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের নিজস্ব বিধান অনুসরণের কথা বলা হয়েছে।
দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে কী করতে হবে, সেই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘যদি সত্যিকারের অর্থে আসতে চান, তারা (চিফ প্রসিকিউটর কার্যালয়) পরিষ্কার উপদেশ দিতে চান, শেখ হাসিনা ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুক। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুক যে এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটিই হবে শেখ হাসিনার জন্য সঠিক পন্থা।’